
প্রকাশিত: ১৬ মে, ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। শুক্রবার (১৫ মে) ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কারিনা কায়সারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ।
শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে একমাত্র মেয়েকে হারিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দেন কায়সার হামিদ। তিনি লেখেন:
”অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।”
মেয়ের আত্মার মাগফিরাত কামনা ও সবার কাছে ক্ষমা চেয়ে কায়সার হামিদ আরও লেখেন:
”আমার মেয়ের কোন ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমিন।”
সোশ্যাল মিডিয়ায় চমৎকার সব কনটেন্ট তৈরি করে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। অভিনয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি। তার এই আকস্মিক প্রস্থানে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।








