
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার গভীর রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। প্রাথমিক অবস্থায় বাড়িতেই তার সেবা শুশ্রূষা করা হয়। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এবং শারীরিক জটিলতা দেখা দেওয়ায় গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মির্জা আব্বাসের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, “হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তার দ্রুত সুস্থতা কামনায় আমি দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের কাছে দোয়া প্রার্থনা করছি।”
বর্তমানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। সর্বশেষ খবর অনুযায়ী, তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হচ্ছে।









