
ঢাকা, ২৫ মে ২০২৬
বাংলা গানের জগতে দীর্ঘদিন ধরে নিভৃতে কাজ করে যাওয়া জনপ্রিয় গীতিকার ও সুরকার সৈয়দা হেমা আবারও হাজির হচ্ছেন নতুন চমক নিয়ে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে তাঁর লেখা নতুন গান ‘গোধূলি লগন’। গানটিতে সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় হাসিন এবং কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা।
ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি প্রবল আগ্রহ ছিল সৈয়দা হেমার। শখের বসে ডায়েরির পাতায় জমতে থাকা একের পর এক কবিতা ও গান নিয়ে নিজের জন্য সীমিত আকারে প্রকাশ করেছিলেন “কিছু কথা কিছু গান” নামের একটি বই। ধীরে ধীরে গানের পাশাপাশি সুর করার প্রতিও আগ্রহ বাড়ে তাঁর। বন্ধুদের প্রশংসা এবং অনুপ্রেরণায় স্বপ্ন দেখতে শুরু করেন—একদিন দেশের বড় শিল্পীদের কণ্ঠে সুবাস ছড়াবে তাঁর সৃষ্টি।
সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় ২০০৭ সালের শেষদিকে। তাঁর কথা ও সুরে জনপ্রিয় শিল্পী পিয়াল হাসান গেয়ে প্রকাশ করেন একক অ্যালবাম ‘আজো কাঁদি আমি’। এরপর ২০০৯ সালে প্রকাশ পায় দুটি মিক্সড অ্যালবাম, যেখানে গান করেন আতিক হাসান ও পলাশ নবীন।
২০১১ সালে তাঁর লেখা ও সুরে প্রকাশিত হয় ‘আমি একজনকে ভালোবাসি’ অ্যালবামটি। এতে কণ্ঠ দেন দেশের খ্যাতিমান সব তারকারা—সুবীর নন্দী, আঁখি আলমগীর, প্রতীক হাসান, আগুন, সুমী শবনম, সুমন রাহাত এবং বাশার।
সংসার ও প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও বাংলা গান ও সংস্কৃতির প্রতি ভালোবাসা একটুও কমেনি তাঁর। বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে নিয়মিত দেশের খোঁজ রাখেন তিনি। এক সাক্ষাৎকারে সৈয়দা হেমা বলেন:
"সংসারের প্রয়োজনে অনেক কিছু ছাড়লেও গান আমাকে ছাড়েনি।"
দীর্ঘ বিরতির পর ২০১৬ সালে নতুন আঙ্গিকে তিনি প্রকাশ করেন মিউজিক ভিডিও ‘স্বপ্নীল হাওয়া’। এরপর আসে বেলি আফরোজ ও পিয়াল হাসানের দ্বৈত কণ্ঠে ‘আপনজন’। ২০২২ সালে তাঁর লেখা ও সুরে প্রতীক হাসান ও নদীর গাওয়া ‘তোমার মাঝে হারিয়েছি প্রিয়’ গানটি শ্রোতাদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।
একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে চলেছেন সৈয়দা হেমা। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে:
এছাড়াও বেলাল খান, হৃদয় হাসিন, এস ডি রুবেল, তসিবা এবং সানিয়া রমা-সহ বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে প্রকাশ পেয়েছে তাঁর লেখা গান। এমনকি চিত্রনায়িকা শাবনূরের বোন ঝুমুরও গেয়েছেন তাঁর লেখা গান।
সৈয়দা হেমার পুরো নাম সৈয়দা খাদিজা বেগম হেমা। জন্ম সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে। বাবা সৈয়দ হাবিবুর রহমান ও মা জামিরুন নেসা। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। তাঁর পরিবারেও রয়েছে সাহিত্যের আবহ; বড় ভাই প্রখ্যাত গীতিকবি সৈয়দ দুলাল এবং দ্বিতীয় ভাই সৈয়দ হিলাল সাইফ একজন সুপরিচিত ছড়াকার।
বর্তমানে স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছেন এই গুণী গীতিকার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলা গানের ভাণ্ডারে আরও কিছু স্মরণীয় গান রেখে যেতে চান তিনি। তাঁর ভাষায়, “সময় ও সুযোগ পেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু ভালো গান রেখে যেতে চাই।”
আসন্ন ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত ‘গোধূলি লগন’ গানটি নিয়েও ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.