
দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছেন জনপ্রিয় অভিনয়শিল্পী তারিকুজ্জামান তপন। কঠিন এই সময়ে শিল্পীদের পাশে দাঁড়ানো দুই সংগঠন— অ্যাক্টরস ইকুইটি (অভিনয়শিল্পী সংঘ) এবং ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
নিজের অসুস্থতা এবং জীবনযুদ্ধের করুণ বর্ণনা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই শিল্পী। সেখানে তিনি জানান, গত বছরের জুন-জুলাই থেকেই শরীরের ভেতরে এক অদৃশ্য যন্ত্রণা অনুভব করছিলেন তিনি। একাকী সেই কষ্টের কথা প্রথমে কাউকে বুঝতে না দিলেও ধীরে ধীরে পরিস্থিতির অবনতি হতে থাকে।
তপন জানান, গত বছরের শেষ দিকটা ছিল তার জন্য সবথেকে কঠিন। তিনি বলেন:
"ডিসেম্বরের ২৯ তারিখে এসে গলা বসে গেল, কথা বলতে পারছিলাম না। সিরাপ খেয়ে আরও ১৫ দিন কাটিয়ে দিলাম। কিন্তু যুদ্ধটা আর একা চালিয়ে নিতে পারছিলাম না।"
অবশেষে পরিবারের সদস্যদের বিষয়টি জানান তিনি। তার স্ত্রী, ছেলে, দুই মেয়ে এবং জামাতারা মিলে সিদ্ধান্ত নেন সবাই একসাথে এই লড়াইয়ে নামবেন। শুরু হয় অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা আর হাসপাতালের বারান্দায় কাটানো দিন।
সরকারি ও বেসরকারি একাধিক হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানেই তার প্রথম কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। এই দীর্ঘ প্রক্রিয়ায় সুঁই আর ক্যানোলার ঘা শরীরে বয়ে বেড়ালেও তার মনের জোর কমেনি।
চিকিৎসার এই ব্যয়বহুল এবং মানসিক চাপের সময়ে তার পাশে এসে দাঁড়িয়েছে অভিনয়শিল্পীদের সংগঠন 'অ্যাক্টরস ইকুইটি' এবং নির্মাতাদের সংগঠন 'ডিরেক্টরস গিল্ড'। সংগঠনের এই সহযোগিতায় আপ্লুত হয়ে শিল্পী বলেন,
"এগিয়ে এসেছে আমার প্রাণের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ ও ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। আবারও প্রাণ খুলে হাসতে ইচ্ছে করছে।"
সবশেষে তারিকুজ্জামান তপন তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং ভক্তদের কাছে দোয়া চেয়েছেন, যেন তিনি সুস্থ হয়ে আবারও কাজে ফিরতে পারেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.